বাজেট ও বরাদ্দের রাজনীতি: সাধারণ মানুষের কী জানা জরুরি?
জাতীয় বাজেট, উন্নয়ন ব্যয় ও থোক বরাদ্দ আসলে কী? সরকারি অর্থ কীভাবে বরাদ্দ হয় এবং কেন অস্বচ্ছ ব্লক বরাদ্দ জবাবদিহি ও উন্নয়ন কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে।
What is a national budget, and why do “block allocations” matter? This explainer breaks down operational and development budgets, how lump-sum allocations work, and why opaque public spending can weaken accountability, transparency, and democratic oversight in Bangladesh and beyond.
প্রতি বছর জাতীয় বাজেট ঘোষণার সময় হাজার হাজার কোটি টাকার সংখ্যা আমাদের সামনে আসে। কিন্তু বাস্তবে খুব কম মানুষই বোঝেন, এই বাজেট কীভাবে কাজ করে, কোন খাতে কীভাবে অর্থ বরাদ্দ হয়, কিংবা “থোক বরাদ্দ” বা “ব্লক বরাদ্দ” বলতে আসলে কী বোঝায়। অথচ এই অজ্ঞতার সুযোগ নিয়েই অনেক সময় ক্ষমতাসীন সরকারগুলো সরকারগুলো অস্পষ্ট বরাদ্দ ও দুর্বল পরিকল্পনা বা জবাবদিহিহীন বরাদ্দকে বৈধতা দেয়।
বাজেট আসলে কী?
সহজ ভাষায়, জাতীয় বাজেট হলো সরকারের এক বছরের আয়-ব্যয়ের পরিকল্পনা। সরকার কোথা থেকে টাকা সংগ্রহ করবে—যেমন কর, ভ্যাট, আমদানি শুল্ক বা ঋণ—এবং সেই অর্থ কোথায় ব্যয় করবে, তার সামগ্রিক হিসাবই হলো বাজেট। অনেকটা একটি পরিবারের মতোই রাষ্ট্রও আয়-ব্যয়ের পরিকল্পনার ভিত্তিতে পরিচালিত হয়। একটি পরিবার যেমন বছরের সম্ভাব্য আয় ও খরচ মাথায় রেখে আগাম হিসাব করে, তেমনি রাষ্ট্রও জাতীয় বাজেটের মাধ্যমে তার অর্থনৈতিক অগ্রাধিকার নির্ধারণ করে। তবে পার্থক্য হলে পরিবার আয় বুঝে ব্যায় করে, আর রাষ্ট্র ব্যয় বুঝে আয় করে।
বাজেটের প্রধান দুই অংশ
সাধারণভাবে জাতীয় বাজেটের দুটি প্রধান অংশ থাকে: পরিচালন বা রাজস্ব বাজেট এবং উন্নয়ন বাজেট। পরিচালন বাজেটে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা, ভর্তুকি, ঋণের সুদ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও প্রশাসনিক ব্যয় অন্তর্ভুক্ত থাকে। উদাহরণ হিসেবে বলা যায়, আপনার এলাকার সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের বেতন, সরকারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের বেতন, কিংবা সরকারি অফিস-আদালতের দৈনন্দিন ব্যয়—সবই পরিচালন বাজেট থেকে আসে। অর্থাৎ একটি রাষ্ট্র চালাতে প্রতিদিন যে নিয়মিত ব্যয় প্রয়োজন, সেটিই মূলত পরিচালন বাজেট। অন্যদিকে উন্নয়ন বাজেট বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) হলো এমন ব্যয়, যা একটি দেশকে দীর্ঘমেয়াদে এগিয়ে নেওয়া এবং অবকাঠামোগত ও অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে গ্রহণ করা হয়। সাধারণভাবে রাস্তা, সেতু, বিদ্যুৎ, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এডিপির অর্থ ব্যবহার করা হয়।
‘থোক বরাদ্দ’ বা ব্লক বরাদ্দ কী?
উল্লেখযোগ্য বিষয় হলো, পরিচালন বাজেট সাধারণ মানুষের কাছে তুলনামূলকভাবে বেশি বোধগম্য ও সহজ। কারণ এসব ব্যয় প্রতিবছর খুব বেশি পরিবর্তিত হয় না এবং এগুলোর প্রয়োজনীয়তাও সাধারণত স্পষ্ট থাকে। কিন্তু উন্নয়ন বাজেটকে ঘিরেই বেশি প্রশ্ন, বিতর্ক ও অস্পষ্টতা তৈরি হয়। এর প্রধান কারণ, উন্নয়ন বাজেটের সব বরাদ্দ সমানভাবে নির্দিষ্ট বা পরিকল্পিত থাকে না। কিছু বরাদ্দ খুব স্পষ্টভাবে নির্ধারিত থাকে—যেমন একটি নির্দিষ্ট সেতু নির্মাণে কত টাকা ব্যয় হবে, কোন সময়ে কাজ শেষ হবে, কিংবা কোন সংস্থা বাস্তবায়ন করবে তা উল্লেখ থাকে।
উদাহরণস্বরূপ, একটি জেলার ৫০ শয্যার হাসপাতাল নির্মাণে কত টাকা ব্যয় হবে, কোন বছরে কাজ শেষ হবে, এবং কোন প্রতিষ্ঠান কাজ বাস্তবায়ন করবে—এসব তথ্য যদি স্পষ্টভাবে উল্লেখ থাকে, তবে সেটি নির্দিষ্ট বরাদ্দ। কিন্তু যদি শুধু “স্বাস্থ্যখাত উন্নয়ন” নামে বড় অঙ্কের অর্থ রাখা হয়, অথচ কোন প্রকল্পে কত ব্যয় হবে তা স্পষ্ট না থাকে, তখন সেটি তুলনামূলকভাবে অস্পষ্ট বা থোক বরাদ্দের উদাহরণ হতে পারে।
তবে পার্থক্য হলে পরিবার আয় বুঝে ব্যায় করে, আর রাষ্ট্র ব্যয় বুঝে আয় করে।
আবার কিছু বরাদ্দ তুলনামূলকভাবে নমনীয় বা অস্পষ্ট প্রকৃতির হয়। অর্থাৎ এগুলোর ব্যয়ের ধরন, অগ্রাধিকার ও সময়সীমা পরবর্তীতে নমনীয়ভাবে পরিবর্তনের সুযোগ থাকে। ফলে স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্নও তৈরি হয়। আন্তর্জাতিক অর্থনীতিতে এ ধরনের বরাদ্দগুলোকে Block Allocation (ব্লক বরাদ্দ), Lump-sum Allocation (এককালীন বরাদ্দ), General-Purpose Grants (সাধারণ উদ্দেশ্য বা খাতবিহীন বরাদ্দ), কিংবা এক কথায় Block Grants (ব্লক গ্রান্টস) বলা হয়। বাংলাদেশে প্রচলিত ভাষায় এগুলোকে প্রায়ই “থোক বরাদ্দ” বলা হয়, যা নিয়ে দীর্ঘদিন ধরেই অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকদের মধ্যে বিতর্ক রয়েছে।
কেন থোক বরাদ্দ নিয়ে প্রশ্ন ওঠে?
তবে থোক বরাদ্দ মানেই খারাপ কিছু নয়। অনেক দেশে এটি বৈধ ও প্রয়োজনীয় আর্থিক ব্যবস্থা। উদাহরণ হিসেবে, যুক্তরাষ্ট্র বা কানাডায় কেন্দ্রীয় সরকার প্রদেশ বা অঙ্গরাজ্যকে ব্লক গ্রান্ট দেয়, যাতে স্থানীয় প্রয়োজন অনুযায়ী ব্যয় করা যায়। জার্মানি বা কেনিয়ার মতো দেশে fiscal equalization grants আঞ্চলিক বৈষম্য কমাতে ব্যবহৃত হয়। এসব দেশে সাধারণত বরাদ্দের উদ্দেশ্য, ব্যয়ের নিয়ম, নিরীক্ষা ও জবাবদিহির কাঠামো স্পষ্ট থাকে।
সমস্যা তৈরি হয় তখন, যখন বড় অঙ্কের অর্থ কোনো সুনির্দিষ্ট প্রকল্প, সময়সীমা বা বাস্তবায়ন পরিকল্পনা ছাড়া বরাদ্দ করা হয়। তখন জনগণ বুঝতে পারে না অর্থ কোথায় যাবে, কীভাবে খরচ হবে, কিংবা আদৌ কাঙ্ক্ষিত ফল আসবে কি না। অনেক সময় সরকার বাস্তব প্রস্তুতির ঘাটতি, প্রকল্পের অভাব বা প্রশাসনিক দুর্বলতা আড়াল করতেও এ ধরনের বরাদ্দ ব্যবহার করতে পারে। ফলে বাজেট বড় দেখালেও বাস্তব উন্নয়ন সীমিত থেকে যায়।
বাংলাদেশে দীর্ঘদিন ধরেই উন্নয়ন বাজেটের বড় অংশ বাস্তবায়িত হয় না। বছরের শেষে দেখা যায়, অনেক মন্ত্রণালয় বরাদ্দের সামান্য অংশও ব্যয় করতে পারেনি। অথচ পরের বছর আবার বড় অঙ্কের নতুন বরাদ্দ দেওয়া হয়। এই বাস্তবতায় “থোক বরাদ্দ” নিয়ে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়।
কেন এটি গণতন্ত্র ও নাগরিক সচেতনতার বিষয়?
তাই বাজেট শুধু অর্থনীতিবিদদের বিষয় নয়; এটি নাগরিক সচেতনতারও বিষয়। মানুষ যদি না বোঝে কীভাবে সরকারি অর্থ বরাদ্দ হয়, তবে জবাবদিহিও দুর্বল হয়ে পড়ে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকদের জানা উচিত—কত টাকা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, এবং সেই ব্যয়ে জনগণের বাস্তব উপকার কতটা হচ্ছে।
কারণ বাজেটের সিদ্ধান্তগুলো সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে। একটি এলাকায় হাসপাতাল হবে কি না, কোনো গ্রামের রাস্তা সংস্কার হবে কি না, শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ হবে কি না, কিংবা কৃষক বা নিম্নআয়ের মানুষ কোনো সহায়তা পাবে কি না—এসবই শেষ পর্যন্ত বাজেটের অগ্রাধিকার ও বরাদ্দের ওপর নির্ভর করে। কিন্তু যদি বড় অঙ্কের অর্থ অস্পষ্টভাবে বরাদ্দ করা হয়, তাহলে সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন হয়ে পড়ে সেই অর্থ বাস্তবে কোথায় ব্যয় হলো বা আদৌ জনগণের উপকারে এলো কি না।
গণতন্ত্র শুধু ভোট দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; রাষ্ট্রের অর্থ কোথায় ও কীভাবে ব্যয় হচ্ছে সে বিষয়ে নাগরিকের সচেতন নজরদারিও গণতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। কারণ সরকারি বাজেটের অর্থ মূলত জনগণেরই অর্থ। ফলে নাগরিকরা যত বেশি বাজেট ও বরাদ্দ সম্পর্কে বুঝবেন, তত বেশি স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর উন্নয়নের দাবি তুলতে পারবেন।




